নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মো. খলিলুর রহমান (৩৫) নামে এক দোকানদারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গুরুতর দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে।
দগ্ধ খলিলুর রহমান চেংজানা গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি সাহিতপুর বাজারে মনোহারি পণ্যের দোকান পরিচালনার পাশাপাশি বোতলজাত পেট্রোল বিক্রি করেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টা ৫৫ মিনিটের দিকে একই গ্রামের সুমন মিয়া খলিলুর রহমানের দোকানে যান। এ সময় তিনি পেট্রোলসহ নগদ টাকা দাবি করেন বলে স্থানীয়দের অভিযোগ। খলিল টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে দোকানের সামনে রাখা দুই লিটারের একটি বোতল থেকে পেট্রোল নিয়ে তাঁর শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এতে খলিলুর রহমানের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। আগুনে দোকানের কিছু মালামালও ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর অভিযুক্ত সুমন মিয়া পলাতক রয়েছেন বলে জানা গেছে। তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। দগ্ধ ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুমন মিয়া কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন, তা স্থানীয়রা জানাতে পারেননি বলেও জানান ওসি।