মো. ছাব্বির হাসান:
নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সেলিম রেজা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার ‘মাটিকাটা’ নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সেলিম পশ্চিম রঘুনাথপুর (টেকঠা) গ্রামের নূর বক্তের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে রিং জাল পাতা নিয়ে সেলিম রেজার সঙ্গে জেলেপাড়া গ্রামের মোস্তাকিমের (২৫) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে লোহার হাম্বল দিয়ে সেলিমের মাথায় সজোরে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে সেলিম নদীতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়েই পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।