প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে অংশ নেওয়ার ঘটনায় সমালোচনার মুখে সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, তিনি ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। গত ১২ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। সেই অনুযায়ী তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

গত দুই দিন ধরে এ ঘটনা নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে উল্লেখ করে ইশরাক বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতেই তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

তিনি বলেন, সোমবার থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী তাকে সেই সুযোগ দিয়েছেন।

ইশরাক আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন। তার কারণে যেন প্রধানমন্ত্রী ও সরকারের কর্মকাণ্ড ম্লান না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুরে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা জানান ইশরাক। এর আগের রাতে তার পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছিল।

গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া এলাকায় রেললাইনসংলগ্ন স্থানে মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে অংশ নেন ইশরাক। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। পরে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *