স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচন জালিয়াতি সংক্রান্ত নিজের দাবির পক্ষে প্রমাণ উপস্থাপনের প্রশ্নের মুখে একটি টেলিভিশন সাক্ষাৎকার মাঝপথে ছেড়ে চলে গেছেন। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
গত শুক্রবার উইসকনসিন অঙ্গরাজ্যে ধারণ করা এবং রোববার প্রচারিত জনপ্রিয় রাজনৈতিক অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এর ওই সাক্ষাৎকারে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার ট্রাম্পের কাছে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচন এবং ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তার দীর্ঘদিনের কারচুপির অভিযোগ সম্পর্কে জানতে চান।
জবাবে ট্রাম্প দাবি করেন, ক্যালিফোর্নিয়ায় ভোট গণনা শেষ হতে কয়েক দিন সময় লাগা অস্বাভাবিক। তবে উপস্থাপক তাকে জানান, এটি রাজ্যটির নির্বাচনী ব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।
পরে ট্রাম্প অভিযোগ করেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনও কারচুপির মাধ্যমে হয়েছে। কিন্তু এ দাবির পক্ষে কোনো প্রমাণ আছে কি না জানতে চাইলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং উপস্থাপককে ‘অসৎ’ বলে মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “ওরা অসৎ, তুমিও অসৎ। তোমাদের সংবাদমাধ্যম অসৎ। ‘মিট দ্য প্রেস’ও অসৎ।”
উপস্থাপক আরও প্রশ্ন করার চেষ্টা করলে ট্রাম্প আরও উত্তেজিত হয়ে বলেন, “তুমি হয় অসৎ, নয়তো বোকা। তুমি জানো এই নির্বাচনগুলো কারচুপি করা হয়েছে। তোমাদের টেলিভিশন নেটওয়ার্কও তা জানে।”
একপর্যায়ে তিনি আবারও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বিজয়ের পুরোনো দাবি পুনরাবৃত্তি করেন। যদিও দেশটির আদালত, নির্বাচন-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন তদন্তে ওই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ট্রাম্প সাক্ষাৎকার শেষ করার ঘোষণা দেন। মাইক্রোফোন খুলে তিনি বলেন, “এখানেই শেষ করি। আমার যথেষ্ট হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন।”
তখন উপস্থাপক তাকে স্মরণ করিয়ে দেন যে, সাক্ষাৎকার নেওয়ার জন্য তিনি উইসকনসিন পর্যন্ত গিয়েছেন। জবাবে ট্রাম্প বলেন, “আমি তোমার সঙ্গে এক ঘণ্টা বৃষ্টির মধ্যে বসেছিলাম। তোমাকে যথেষ্ট সময় দিয়েছি। তোমাদের সংবাদমাধ্যমের আচরণ ঠিক করা উচিত।”
সাক্ষাৎকারের শুরুতেও ট্রাম্প বিরক্তি প্রকাশ করেন। সে সময় তাকে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলার ঘটনায় জড়িত এবং পুলিশ সদস্যদের ওপর হামলার দায়ে দোষ স্বীকার করা ব্যক্তিদের জন্য তার প্রস্তাবিত একটি তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়।
জবাবে ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার এজেন্টরা দাঙ্গাকারীদের কংগ্রেস ভবনে প্রবেশে উৎসাহিত করেছিলেন এবং দীর্ঘমেয়াদি কারাদণ্ডের ভয়ে তারা দোষ স্বীকার করতে বাধ্য হয়েছেন।
তিনি বলেন, “তারা কেন দোষ স্বীকার করেছে জানেন? কারণ তাদের বলা হয়েছিল, ১৫ বছর কারাগারে থাকতে হবে। তারা ভয় পেয়েছিল। তাদের ভবনের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল।”
তবে করদাতাদের অর্থ থেকে ওই ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া উচিত কি না—এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি।
এদিকে, বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও সংশ্লিষ্ট টেলিভিশন সংবাদমাধ্যম তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।