সোহেল খান দুর্জয়:
নেত্রকোনার হাওরে বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে কয়লাসদৃশ কালো মাটি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উক্তি—‘যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন।’ কবির এমন চরণ যেন এবার প্রতিফলিত হচ্ছে হাওরের দরিদ্র মানুষের জীবনে।
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার হাওর এলাকার নিচু জমি ও নদী থেকে জ্বালানি হিসেবে ব্যবহার উপযোগী একধরনের কয়লাসদৃশ কালো মাটি পাওয়া যাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাওর এলাকার প্রতিটি গ্রামে এই পরিবেশবান্ধব কালো মাটি প্রক্রিয়াজাত করে রোদে শুকিয়ে জ্বালানি হিসেবে রান্নাবান্নার কাজে ব্যবহার করা হচ্ছে।
এ বিষয়ে নেত্রকোনা অঞ্চলের পরিবেশ ও জলবায়ু নিয়ে গবেষণাকারী এনজিও বারসিকের (BARCIK) আঞ্চলিক সমন্বয়কারী মো. আহিদুর রহমান বলেন, বনজসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই কালো মাটি।
আরও জানা যায়, হাওরের বিল, পতিত জমি, কিছুটা খনন করে এবং নদীতে পানির নিচে এই মাটি পাওয়া যাচ্ছে। এই কালো মাটি দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার করে দরিদ্র ও শ্রমজীবী নারী-পুরুষ বাড়তি আয় করার পাশাপাশি পরিবারের জ্বালানি খরচ সাশ্রয় করছেন। জেলার খালিয়াজুরী উপজেলার অনেক পরিবারের লোকজন বিকল্প জ্বালানি হিসেবে এই মাটি ব্যবহার করে আসছেন।
প্রতি বছর শুকনো মৌসুমে বৃষ্টিপাত না হলে হাওর এলাকার বাসিন্দারা এই মাটি সংগ্রহ করেন। খালিয়াজুরী উপজেলার ধনু ও ধলাই নদীর তীরসহ বেশ কয়েকটি নিচু এলাকার হাওরে এখন এই কালো মাটি পাওয়া যাচ্ছে।
শুষ্ক নদী ও হাওরের তলদেশে সাত থেকে ১০ ফুট গভীরতায় এই কালো মাটি পাওয়া যায়। নদী বা হাওর থেকে মাটি সংগ্রহের পর প্রক্রিয়াজাত করে রোদে শুকিয়ে জ্বালানি তৈরি করা হয়। কালো মাটিকে জ্বালানি উপযোগী করতে ১০ থেকে ১২ দিন সময় লাগে। প্রক্রিয়াজাত প্রতি মণ মাটি দিয়ে একটি পরিবারের এক সপ্তাহ রান্নাবান্না করা যায়।
আবার অনেকেই এই মাটি আহরণ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে সারা বছর জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য মজুত করছেন। কেউ কেউ বাজারজাত করে বাড়তি আয় করছেন এবং তা দিয়ে পরিবারের খরচ মেটাচ্ছেন। এই জ্বালানিকে কেন্দ্র করে হাওরাঞ্চলে গড়ে উঠছে একধরনের লাকড়ির বাজার।
কালো মাটি সাশ্রয়ী, সহজলভ্য এবং কাঠসহ অন্যান্য জ্বালানির তুলনায় দীর্ঘক্ষণ জ্বলার কারণে এর চাহিদা দিন দিন বাড়ছে। কালো মাটি ব্যবহারের ফলে গাছপালা ও বনজসম্পদ উজাড় হওয়া থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ।
খালিয়াজুরী উপজেলার কীর্তনখোলা, গোবিন্দডোবা ও রোয়াইল হাওরের বেশ কয়েকজন বাসিন্দা জানান, প্রতি বছর হাওরের নিচু জমিগুলোতে সাত-আট হাত মাটি খুঁড়ে কালো মাটি উত্তোলন করেন। অনেক পরিবারই এই মাটি সারা বছরের জ্বালানি হিসেবে ব্যবহার করে।
অন্যদিকে, গৃহিণী বেগম বানু বলেন, আগে গাছের ডালপালা কেটে রান্নার কাজে ব্যবহার করতাম। এখন কালো মাটি পাওয়ায় আর গাছ কাটতে হয় না।
মনু মিয়া বলেন, আমাদের এলাকায় নদী ও হাওরের নিচু জায়গায় কিছুটা মাটি খুঁড়লেই কালো মাটি পাওয়া যায়। এগুলো প্রক্রিয়াজাত করে রোদে শুকিয়ে প্রায় সারা বছর জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এতে আগুন হয় খুব ভালো, ধোঁয়া হয় না। রান্না করা তরিতরকারিতেও কোনো গন্ধ হয় না।
জগন্নাথপুর গ্রামের আকলিমা আক্তার সখী জানান, কালো মাটি দিয়ে রান্না করার জন্য লোহার রড দিয়ে নেটের জালের মতো একটি বিশেষ ধরনের চুলা তৈরি করতে হয়। রান্না শেষে ছাইগুলো নেটের নিচে পড়ে থাকে। এতে ছাই পরিষ্কার করতে তেমন ঝামেলা পোহাতে হয় না।
কালো মাটি পাওয়ায় বনাঞ্চলের গাছপালা সঠিকভাবে বেড়ে উঠছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। এই মাটি পরিবেশের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করবে না বলেও তাঁদের অভিমত।
স্থানীয়দের দাবি, সরকারিভাবে জরিপের মাধ্যমে এই কালো মাটির প্রয়োজনীয়তা ও ব্যবহারযোগ্যতা নিরূপণ করে এটিকে সাশ্রয়ী বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া যেতে পারে।