প্রেমিকের রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ অস্বীকার মেকআপ আর্টিস্টের

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে প্রেমিকের মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ অস্বীকার করেছেন ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে। তাঁর দাবি, রেস্তোরাঁ ব্যবসায়ী শিবা শর্মাকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন।

২৮ বছর বয়সি শিবা শর্মার মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ। গত শুক্রবার লখনৌতে শ্রদ্ধার ফ্ল্যাটের চতুর্থ তলা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে শ্রদ্ধা ও তাঁর বোনের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সম্প্রতি এক মিনিটের বেশি সময়ের একটি ভিডিও বার্তা প্রকাশ করেন শ্রদ্ধা। সেখানে তিনি নিজের নাম এ ঘটনায় জড়ানো না করার অনুরোধ জানান। পাশাপাশি পুলিশের সঙ্গে সহযোগিতা করতে এবং নিজের বক্তব্য দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় শ্রদ্ধা বলেন, ‘আমি কী অন্যায় করেছি? আমি তো কিছুই করিনি। শিবা শর্মার মামলা সম্পর্কে আমি স্পষ্ট করে বলতে চাই, এটি কোনো হত্যা নয়—এটি আত্মহত্যা ছিল।’

তিনি আরও বলেন, ‘দয়া করে আমার বর্তমান অবস্থা বিবেচনা করুন, আমি ভালো নেই। এই মুহূর্তে আমি শারীরিকভাবে সুস্থ নই। আমার বিনীত অনুরোধ, দয়া করে আমার নাম কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা রাজনীতিকের সঙ্গে জড়াবেন না, কারণ তাঁদের সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই।’

পুলিশকে ঘটনার ‘পুরো সত্য’ জানাতে চান বলে দাবি করেছেন শ্রদ্ধা। তিনি কোথাও পালিয়ে যাননি বলেও ভিডিওতে উল্লেখ করেন। একই সঙ্গে কোনো নারীর বিষয়ে মন্তব্য করার আগে সবাইকে সতর্কভাবে ভাবার আহ্বান জানান তিনি।

এ ঘটনায় শ্রদ্ধা ছাড়াও তাঁর বোন রেশমি, গাড়িচালক দানিষ এবং আদিল নামের এক সহযোগীকে আসামি করা হয়েছে।

নিহত শিবা শর্মার মায়ের অভিযোগ, শ্রদ্ধা তাঁর ছেলেকে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়া এবং সম্মানহানির হুমকি দিতেন। তাঁদের সম্পর্ক চলাকালে শিবা শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও দাবি করেছেন তিনি।

এদিকে শ্রদ্ধা দুবে ও তাঁর বোনের সন্ধান দিতে পারলে প্রত্যেকের জন্য ২৫ হাজার রুপি করে পুরস্কার ঘোষণা করেছে লখনৌ পুলিশ। শিবা শর্মার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *