ফ্রেশ কোম্পানির আত্মসাৎকৃত ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে রংপুরে পাঠানোর পথে আত্মসাৎ হওয়া ফ্রেশ কোম্পানির প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন সয়াবিন তেল (প্রায় ১৩ টন) ও একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৬ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় অবস্থিত মেঘনা ফ্রেশ কোম্পানির কারখানা থেকে রংপুরের উদ্দেশ্যে সিলেট-ট ১১-০৬৫৮ নম্বরের একটি ট্রাকে ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল লোড করা হয়। পণ্যগুলোর আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

ট্রাকটি নির্ধারিত গন্তব্যে পৌঁছে পণ্য বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও চালক মো. আল আমিন ডেলিভারি পয়েন্টে না গিয়ে ট্রাকসহ আত্মগোপন করেন। পরে বিষয়টি জানতে পেরে ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো. হাছান আলী সোনারগাঁও থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) দীপংকর ঘোষের তদারকিতে এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের আভিযানিক দল ১০ জুলাই বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে অভিযুক্ত ট্রাকচালক মো. আল আমিন গাজী (৩০)-কে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঢাকা জেলার সাভার থানার আমিনবাজার এলাকা থেকে আত্মসাৎ হওয়া ৭১৬ কার্টন ফ্রেশ সয়াবিন তেল (প্রায় ১৩ টন) এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করে। উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আত্মসাৎ হওয়া মোট ৭৫০ কার্টনের মধ্যে ৭১৬ কার্টন উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি পণ্য উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *