নুরুজ্জামান সাউদ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি সুতা উৎপাদনকারী কারখানার শ্রমিকরা।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার যাত্রামুড়া এলাকায় অবস্থিত নোবেল কটন অ্যান্ড স্পিনিং মিলের কয়েকশ শ্রমিক কারখানার সামনে থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অভিযোগ, গত তিন মাস ধরে মালিকপক্ষ তাদের বেতন পরিশোধ করছে না। পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। বেতন না পেয়ে বাধ্য হয়ে তারা সড়কে নামেন বলে জানান আন্দোলনকারীরা।
এ ঘটনায় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ালী উল্লাহর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
নোবেল কটন অ্যান্ড স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, “আগামীকাল বৃহস্পতিবার কারখানায় কাঁচামাল পৌঁছানোর কথা রয়েছে। উৎপাদন শুরু হলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত বকেয়া পরিশোধ করা হবে।”