আব্দুর রশিদ:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার ও কেন্দ্র কমিটির এক সদস্যকে অনিয়মের অভিযোগে পরবর্তী সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ৫ মে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পনি/পিএ-১২২৭ নং স্মারকের নির্দেশনা অনুযায়ী তাদের অব্যাহতি প্রদান করা হয়।
পত্র সূত্রে জানা যায়, দরগাহপুর-২৫৯ (দরগাহপুর এস.কে.আর.এস মাধ্যমিক বিদ্যালয়) কেন্দ্রে পরীক্ষার নিয়ম ভঙ্গ করে বহিরাগতদের অবাধ প্রবেশ, পরীক্ষার্থীর পরিবর্তে অন্য শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ, পছন্দমতো শিক্ষককে কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়ে অনৈতিক সুবিধা প্রদানসহ একাধিক অনিয়মের অভিযোগ ওঠে।
এছাড়া ট্যাগ অফিসারের বিরুদ্ধে পরীক্ষাকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের উত্তরপত্র নিয়ে ৩০–৪০ মিনিট আটকে রেখে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগও রয়েছে। অন্যদিকে কমিটির এক সদস্যের বিরুদ্ধে প্রশ্নপত্র বাইরে নিয়ে সমাধানের চেষ্টা করার সময় ভিজিলেন্স টিমের হাতে ধরা পড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠে।
এসব অভিযোগের পর কেন্দ্র সচিব গৌরপদ মন্ডল, ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঝংকর ঢালী এবং কমিটির সদস্য শেখ রাখিদুল ইসলামকে পরবর্তী সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেয় বোর্ড।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ৬ মে ৪৯২ নং স্মারকে বোর্ডের নির্দেশ বাস্তবায়ন করেন। একই সঙ্গে সহকারী অধ্যাপক জি.এম. আনোয়ারুল ইসলামকে নতুন কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।