বড় দরপতনের পর বিশ্ববাজারে স্থিতিশীল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক:

বিশ্ববাজারে বড় দরপতনের পর স্বর্ণের দামে স্থিতিশীলতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং সুদের হার বাড়ার আশঙ্কার মধ্যে বুধবার ব্যাপক দরপতনের পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টা ১৭ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৩ হাজার ৫৮০ ডলার ৮৭ সেন্টে দাঁড়ায়। আগের দিন বুধবার স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে যায়। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটি ছিল সর্বনিম্ন দাম।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৫৭৮ ডলার ৭০ সেন্টে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়তে থাকায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। আগামী মাস এবং ২০২৭ সালের শুরুর দিকে সুদের হার বাড়তে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। এতে স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়েছে।

ট্রেডিং প্রতিষ্ঠান টেস্টলাইভের গ্লোবাল ম্যাক্রো বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক জানান, যুক্তরাষ্ট্রের বড় ছুটির আগে বিনিয়োগকারীরা স্বর্ণের দরপতনের বিপরীতে নেওয়া অবস্থান থেকে সরে আসছেন। এ কারণে বাজারে সাময়িক স্থিতিশীলতা দেখা যাচ্ছে। তবে ঝুঁকি এড়াতে নগদ অর্থ সংগ্রহের জন্য এখনো অনেকে স্বর্ণ বিক্রি করছেন।

এদিকে বৃহস্পতিবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভারের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪১ ডলার ৬৪ সেন্ট, প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩০১ ডলার ৩৩ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৮৮০ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *