বন্যাদুর্গত মানুষের পাশে এমপি এনামুল হক এনাম, শোভনদণ্ডীতে খাদ্য ও নগদ সহায়তা বিতরণ

আবুল মাছুম:

চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম। তাঁর পক্ষ থেকে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুষ্ক খাবার ও নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) পটিয়া উপজেলার ১৯ (ক) শোভনদণ্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা পৌঁছে দেন ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ সম্পাদক মো. নাজিম উদ্দীন মিয়া।

এ সময় তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। যতদিন দুর্যোগের প্রভাব থাকবে, ততদিন অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

ত্রাণ বিতরণকালে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়া হয়। এ সময় অনেকেই দ্রুত সহায়তা পাওয়ায় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, বন্যার কারণে অনেক পরিবারের ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও দৈনন্দিন জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন সময়ে শুষ্ক খাবার ও নগদ অর্থ সহায়তা তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপির নেতাকর্মী, সামাজিক ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবীরাও অংশ নেন। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে ইউনিয়নের আরও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছেও এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *