বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান মেহজাবীন-তটিনীদের, উদ্বেগে শোবিজ অঙ্গন

বিনোদন ডেস্ক ::

দেশজুড়ে টানা বর্ষণ ও অতিবৃষ্টির কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা পানিতে তলিয়ে গেছে। হাজারো পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। একই সময়ে রাজধানী ঢাকাতেও টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এমন দুর্যোগে বন্যাকবলিত মানুষের প্রতি গভীর উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি সবাইকে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সকল মানুষের জন্য আন্তরিক দোয়া রইল। যারা প্রিয়জন, ঘরবাড়ি কিংবা জীবিকার ক্ষতির মুখোমুখি হয়েছেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন। যারা উদ্ধার ও ত্রাণকাজে নিরলস পরিশ্রম করছেন, তাদের প্রতিও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন।’

নিজ জেলা চট্টগ্রামের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি লিখেছেন, ‘আমার চট্টগ্রাম ভালো নেই। বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, কক্সবাজার, বান্দরবান ভালো নেই। অথচ বড় কোনো আলোচনা নেই, নেই তেমন কোনো সাড়া। মানুষ নীরবে কষ্ট পাচ্ছে, প্রাণ হারাচ্ছে। কুমিল্লা-নোয়াখালী-ফেনীর বন্যার সময় চট্টগ্রামের মানুষ যেভাবে ছুটে গিয়েছিল, আজ সেই মানুষগুলোর পাশেও সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহ রহম করুন।’

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও বন্যাদুর্গত মানুষের দুর্দশায় ব্যথিত। তিনি ফেসবুকে লিখেছেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের সাতটির বেশি জেলা এখন পানির নিচে। হাজারো ঘরবাড়ি তলিয়ে গেছে। মানুষ আশ্রয়কেন্দ্র ও বাড়ির ছাদে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। আমরা যারা নিরাপদে আছি, তাদের দায়িত্ব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এক প্যাকেট শুকনো খাবার কিংবা এক বোতল পানিও কারও জীবনে বড় সহায়তা হতে পারে। সবাই নিরাপদে থাকুন এবং সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন।’

উল্লেখ্য, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় দেশের শোবিজ ও সংস্কৃতি অঙ্গনের শিল্পীরা সম্মিলিতভাবে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন। তবে চলমান বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত তেমন কোনো বড় সমন্বিত উদ্যোগের খবর পাওয়া যায়নি। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমেই মানবিক সহায়তার আহ্বান জানিয়ে যাচ্ছেন তারকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *