অনলাইন ডেস্ক:
নদ-নদীর পানি বাড়ায় রংপুরসহ উত্তরের চার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।পাউবো জানায়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজান এলাকায় মাঝারি থেকে মাঝারি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল রয়েছে। অপরদিকে যমুনা নদীর পানি সমতল কমেছে। আগামী তিন দিন যমুনার পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিন তা বাড়তে পারে।গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি সমতলও কমেছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। একই সময়ে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি সমতলও কমেছে এবং আগামী তিন দিন তা অব্যাহত থাকতে পারে।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের ভিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল বেড়েছে। অন্যদিকে ধরলা নদীর পানি সমতল কমেছে। তিস্তা নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে। ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।এই পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ভিস্তা নদীর পানি নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।