বন্যা পরিস্থিতিতে এনসিপির জুলাই পদযাত্রার সূচি পরিবর্তন, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়ার কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত কয়েকটি কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় এবং সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি নির্ধারিত স্পটের পদযাত্রা স্থগিত করা হয়েছে।

তবে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর পূর্বঘোষিত সূচি অনুযায়ী কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে, আজ শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুর সদরে এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তরে নির্ধারিত পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি।

একই সঙ্গে উত্তরাঞ্চলের কর্মসূচিও অপরিবর্তিত রয়েছে। রাজশাহীর গোদাগাড়ীতে বিকেল ৩টায় এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সন্ধ্যা ৬টায় জুলাই পদযাত্রা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *