মোঃআনজার শাহ
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে মৌলভীবাজার এলাকা ঘুরে সরেজমিন পরিদর্শন করেছেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। এ সময় তিনি কোন স্থানে বাস ও সিএনজি অটোরিকশা দাঁড়াবে, তা নির্ধারণ করে দেন।
পরিদর্শনকালে তিনি সড়ক ও এর আশপাশে অবৈধভাবে রাখা বালু, ইট এবং সাইনবোর্ড দ্রুত সরিয়ে ফেলার নির্দেশনা দেন সংশ্লিষ্টদের। যততত্র স্তূপ করে রাখা নির্মাণসামগ্রী ও অবৈধ সাইনবোর্ডের কারণে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগ লাঘবে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
মৌলভীবাজারে যানবাহন চলাচল সুশৃঙ্খল করা এবং সড়ক দখলমুক্ত রাখার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। ইউএনও আসাদুজ্জামান রনির এই উদ্যোগের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন বরুড়ার সচেতন নাগরিকরা।
স্থানীয়দের প্রত্যাশা, ইউএনওর এই নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে মৌলভীবাজার এলাকায় যানজট কমবে এবং সড়কে চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় হবে।