স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের মাঝেই জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়কের নাম ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। সাম্প্রতিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টেস্ট ও ওয়ানডে দলের স্থায়ী অধিনায়ক করা হয়েছে পেসার রিচার্ড এনগারাভাকে।
বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিচ্ছেন এনগারাভা। এর আগে হারারে অনুষ্ঠিত টেস্টেও তার নেতৃত্বে মাঠে নেমেছিল দল। নেতৃত্বে ইতিবাচক ফল পাওয়ায় তাকেই টেস্ট ও ওয়ানডের পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। তবে সিরিজের শেষ ওয়ানডেতে বিশ্রামে থাকায় তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করছেন সিকান্দার রাজা।
অন্যদিকে, টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাই। ৪০ বছর বয়সী এই ক্রিকেটার সাম্প্রতিক সময়ে ব্যাট ও নেতৃত্ব—দুই ক্ষেত্রেই দারুণ ছন্দে রয়েছেন।
এদিকে জিম্বাবুয়ে নারী দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জোসেফিন এনকোমো।
একই সঙ্গে বিভিন্ন ফরম্যাটের সহ-অধিনায়কদের নামও ঘোষণা করেছে জেডসি। টেস্টে ব্রায়ান বেনেট, ওয়ানডেতে সিকান্দার রাজা এবং টি-টোয়েন্টিতে রিচার্ড এনগারাভা সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন। আর নারী দলের সহ-অধিনায়ক হয়েছেন নমভেলো সিবান্দা।
অধিনায়ক নিয়োগ প্রসঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি বলেন,
‘অধিনায়কত্ব শুধু মাঠে দলকে নেতৃত্ব দেওয়ার বিষয় নয়। এর জন্য প্রয়োজন সততা, মানসিক দৃঢ়তা, বিচক্ষণতা এবং সতীর্থদের অনুপ্রাণিত করার সক্ষমতা।’
তিনি আরও বলেন,
*‘বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে যে রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা ও জোসেফিন এনকোমো নিজ নিজ দলকে সফলভাবে নেতৃত্ব দেবেন। একই সঙ্গে সহ-অধিনায়কেরাও নেতৃত্বকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং ভবিষ্যতের নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করবেন।’