স্বাধীন সংবাদ বিনোদন:
বাংলাদেশ সহকারী চিত্রপরিচালক সমিতির (সিনে ডিরেক্টোরিয়াল অ্যাসোসিয়েটস অব বাংলাদেশ—সিডাব) সভাপতি নির্বাচিত হয়েছেন মাজহার বাবু। শুক্রবার (১৯ জুন) এফডিসির সিডাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সদস্যদের সিদ্ধান্তে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য মাজহার বাবুকে সভাপতি এবং আলমগীর রতনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে নবনির্বাচিত সভাপতি মাজহার বাবু বলেন, “দীর্ঘদিন ধরে সিডাবের কোনো কমিটি ছিল না। অবশেষে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। সাধারণ সদস্যরা আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন, তা সঠিকভাবে পালন করব। আমাদের চেষ্টা থাকবে সহকারী পরিচালকদের স্বার্থ রক্ষা করা। সেই সঙ্গে সবাইকে নিয়ে চলচ্চিত্রের কল্যাণে কাজ করব।”
কমিটির অন্য পদে রয়েছেন—সহ-সভাপতি সিদ্দিকুর রহমান রিপন, সহ-সাধারণ সম্পাদক এম জামান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন রাজিব, কোষাধ্যক্ষ শাকিল আহমেদ চৌধুরী এবং দপ্তর ও প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—একরামুল ইসলাম একরাম, মো. মাহতাবুর রহমান তাবু, এ কে এম মোতাহারুল ইসলাম (টিটুরাজ), মৃদুল কান্তি বিশ্বাস, মো. রাশেদুল ইসলাম রাশেদ, হেলাল উদ্দিন, এইচ এম সাইফুর রহমান, ইলিয়াস হোসেন এবং আকতার হামিদ।
বলা দরকার, মাজহার বাবু চলচ্চিত্র সাংবাদিক হিসেবেও পরিচিত। পাশাপাশি দুই যুগ ধরে তিনি বাংলা চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত আছেন। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অর্ধশতাধিক সিনেমায়। এরই মধ্যে তিনি এটিএন নিউজ, এনটিভি, কালবেলাসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বিনোদন বিভাগের প্রধান হিসেবে কর্মরত।
উল্লেখ্য, ১৯৮০ সালে সিডাব প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন চিত্রপরিচালক শওকত জামিল এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন আবুল খায়ের বুলবুল।