ঢামেক প্রতিনিধি :
রাজধানীর বাড্ডা বৌবাজার এলাকায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. ফাহিম (২৫) নামের এক এসি মিস্ত্রির সহকারীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখান থেকে বিকেল আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃতের সহকর্মী লিখন হোসেন শাওন জানান, দুপুরে ওই ভবনের চতুর্থ তলায় নতুন এসি লাগানোর কাজ করছিলেন এসি মিস্ত্রি। সেখানে সহকারী ফাহিম ৬ তলার ছাদে রশি খোলার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
পরে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফাহিম মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ধিরপুর কলাবাগান গ্রামের মো. ফারুকের ছেলে। বাড্ডা আদর্শ নগর এলাকায় একটি ম্যাচে থাকতেন তিনি।