বাড্ডায় ২২৪ বোতল কোডিন সিরাপ ও ১২৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার তিন জন

মোহাম্মদ সোহেল রানা:

রাজধানীর বাড্ডায় বিশেষ অভিযান চালিয়ে ২২৪ বোতল কোডিন সিরাপ ও ১২৬ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—রিমন বাবু (৩০), মো. আসাদুজ্জামান রনি (৩৫) ও মো. জাহিদুল ইসলাম (৩০)।

ডিবি-রমনা বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে ডিবি-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি প্রাইভেটকারে করে মাদকদ্রব্য বহন করে রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকার একটি বাসায় বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় রাত সাড়ে ৯টার দিকে রিমন বাবু, আসাদুজ্জামান রনি ও জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসাদুজ্জামান রনির কক্ষের ভেতর থেকে ২২৪ বোতল কোডিন সিরাপ ও ১২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *