মো. শামীম হোসেন সিকদার ::
বান্দরবান পার্বত্য জেলার শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষাসেবা নিশ্চিত করা, কৃষকদের আধুনিকায়ন এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের মাঝে পাওয়ার টিলার এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বান্দরবানস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ইউনিট অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, “পার্বত্য অঞ্চলের শিক্ষা, কৃষি ও নারী স্বাবলম্বিতা বৃদ্ধিতে বর্তমান সরকার নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়ার মাধ্যমে স্মার্ট পার্বত্য অঞ্চল গড়ে তোলা সহজ হবে। পাশাপাশি কৃষকদের হাতে আধুনিক কৃষি সরঞ্জাম তুলে দেওয়া এবং নারীদের সেলাই মেশিন প্রদানের মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও সুদৃঢ় হবে।”
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের হাতে পাওয়ার টিলারের চাবি এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।