বিমানবন্দর থানার মামলায় এক মাস পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

অনলাইন ডেস্ক:

বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তারের এক মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার গোলাম ফারুক তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। কারামুক্তির পর পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীরা কারাফটকে তাঁকে গ্রহণ করেন।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি-সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ডিওএইচএসের বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।

মামলাটির এজাহার করা হয় ১ অক্টোবর রাতে বিমানবন্দর থানায়। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে হাজির করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরবর্তী সময়ে অধস্তন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন আখতারুজ্জামান। শুনানি শেষে গত রোববার হাইকোর্ট রুলসহ তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে তাঁর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। গত সোমবার চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনে ‘নো অর্ডার’ দেন। ফলে তাঁর কারামুক্তিতে আর বাধা থাকেনি।

আখতারুজ্জামানের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে। তিনি কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একসময় তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন।

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি তাঁকে পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরে বিভিন্ন সময় সমসাময়িক বিষয় নিয়ে টক শো ও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি। গত বছরের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *