বিনোদন ডেস্ক:
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব আবারও ঢাকায় আসছেন। আগামী ৫ নভেম্বর টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি।
ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করার পর ঢাকায় এসে কনসার্টেও অংশ নিয়েছিলেন সঞ্জয়। এবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আয়োজনের বিশেষ অতিথি শিল্পী হিসেবে মঞ্চ মাতাবেন তিনি।
একটি ভিডিও বার্তায় সঞ্জয় নিজেই বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা তাঁর জন্য বিশেষ অভিজ্ঞতা ছিল। তবে নিজের দেশের মানুষের সামনে গান গাওয়ার অনুভূতি একেবারেই আলাদা। সাফ চ্যাম্পিয়নশিপে সবার সঙ্গে আনন্দ ও উচ্ছ্বাস ভাগ করে নিতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ায় আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
আয়োজনটির পৃষ্ঠপোষক টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, সঞ্জয় বাংলাদেশের সঙ্গে নিজের শিকড়ের সম্পর্ক অটুট রেখে সংগীতকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। তাঁকে এই আয়োজনে নিয়ে আসতে পেরে তাঁরা আনন্দিত। ফুটবল ও সংগীতের মাধ্যমে মানুষের মধ্যে সংযোগ তৈরি এবং উদ্বোধনী রাতকে স্মরণীয় করে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, আগামী ৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬। এতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল অংশ নেবে।