ফুটবল বিশ্বকাপের উত্তাপ আরও বাড়িয়ে দিতে নতুন গান নিয়ে হাজির হয়েছেন পপসম্রাজ্ঞী শাকিরা এবং নাইজেরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী বার্না বয়। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রকাশ পেয়েছে তাদের যৌথ গান ‘দাই দাই’, যা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর সমর্থনে তৈরি এই গানটি বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক হিসেবে প্রকাশ করা হয়েছে। মিয়ামিতে ধারণ করা ভিডিওটি পরিচালনা করেছেন হান্না লাক্স ডেভিস, যেখানে আধুনিক ভিজ্যুয়াল ও বিশ্ব ফুটবলের তারকাদের উপস্থিতি বিশেষ আকর্ষণ হিসেবে ধরা দিয়েছে।
মিউজিক ভিডিওতে দেখা গেছে আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ইংল্যান্ডের হ্যারি কেন, স্পেনের রদ্রি, ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, জাপানের তাকেফুসা কুবো, মেক্সিকোর সান্তিয়াগো গিমেনেজ, নরওয়ের আর্লিং হালান্ড, কলম্বিয়ার লুইস দিয়াজ, কানাডার আলফোনসো ডেভিস, জার্মানির জামাল মুসিয়ালা এবং যুক্তরাষ্ট্রের ক্রিশ্চিয়ান পুলিসিকসহ একঝাঁক ফুটবল তারকা।
এছাড়া ভিডিওতে অংশ নিয়েছে উগান্ডার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা ‘ঘেটো কিডস’। মেক্সিকো সিটির ঐতিহাসিক স্থাপনা ‘আনহেল দে লা ইনদেপেন্দেনসিয়া’-এর চূড়ায় শাকিরার দৃশ্য ভিডিওটিকে দিয়েছে ভিন্নমাত্রা, যা মেক্সিকোর পর্যটন প্রচারণার অংশ হিসেবেও চিত্রায়িত হয়েছে।