সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তর ইস্যুতে অনড় অবস্থানে ইরান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঘিরে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির আলোচনায় আগ্রহ দেখালেও নিজেদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম অন্য দেশে হস্তান্তরের বিষয়ে কোনো ধরনের সম্মতি দেয়নি ইরান। দেশটির একটি সূত্র জানিয়েছে, আলোচ্য প্রাথমিক খসড়া চুক্তিতে এ বিষয়টি অন্তর্ভুক্ত নেই।

সূত্রটি আরও জানায়, “পারমাণবিক ইস্যুটি একটি চূড়ান্ত চুক্তির আলোচনায় বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই এটি বর্তমানে আলোচ্য চুক্তির অংশ নয়। এছাড়া ইরানের উচ্চ সমৃদ্ধকৃত ইউরেনিয়াম অন্য কোনো দেশে হস্তান্তরের বিষয়ে কোনো চুক্তিও হয়নি।”

এর আগে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস দুইজন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ইরান নাকি তাদের ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে। তবে তেহরান দ্রুতই সেই দাবি অস্বীকার করে জানায়, এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা সংবাদমাধ্যম এক্সিওসকে জানিয়েছেন, সম্ভাব্য চুক্তি হলে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং সেখানে সব ধরনের জাহাজকে অবাধ চলাচলের সুযোগ দেবে, কোনো টোল আদায় করা হবে না। পাশাপাশি ওই অঞ্চলে স্থাপিত মাইন অপসারণের প্রতিশ্রুতিও থাকবে।

তিনি আরও দাবি করেন, ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করবে এবং চুক্তি হলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাতের অবসান ঘটতে পারে। তবে হিজবুল্লাহ কোনো হামলা বা উস্কানি দিলে ইসরায়েলকে পাল্টা পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *