আন্তর্জাতিক ডেস্ক::
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। আগামী সপ্তাহে ফেডের নীতিনির্ধারণী বৈঠকের আগে সুদের হার নিয়ে নতুন ইঙ্গিতের অপেক্ষায় রয়েছেন বাজারসংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৫ শতাংশ কমে ৪ হাজার ১২০ দশমিক ৪৯ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ দশমিক ১০ ডলারে দাঁড়ায়।
অ্যাকটিভট্রেডসের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, উচ্চ জ্বালানি মূল্যের কারণে মূল্যস্ফীতির স্থায়ী চাপ অব্যাহত রয়েছে। এতে ফেডারেল রিজার্ভের আরও কঠোর মুদ্রানীতি গ্রহণের প্রত্যাশা জোরালো হচ্ছে।
মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি ছিল। সৌদি আরবের অবকাঠামোতে হুথিদের হামলা এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার খবরকে কেন্দ্র করে ভূরাজনৈতিক ঝুঁকি বেড়েছে। বাজারসংশ্লিষ্টরা তেলের দামে এসব ঝুঁকির প্রভাব বিবেচনায় নিচ্ছেন।
ইভানজেলিস্তা আরও বলেন, অক্টোবরের বৈঠকে ফেড সুদের হার অপরিবর্তিত রাখবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। তাই ডিসেম্বর মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে ফেডের দিকনির্দেশনার ওপর বিনিয়োগকারীদের নজর থাকবে।
ফেডের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে মুদ্রানীতি আরও কঠোর করার বিষয়ে তাড়াহুড়োর ইঙ্গিত না থাকায় ২৭ ও ২৮ অক্টোবরের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর প্রত্যাশা কিছুটা কমেছে। তবে সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে সুদের হার বাড়তে পারে বলে ধারণা করছেন বাজারের অংশগ্রহণকারীরা। তাদের হিসাবে, এ সম্ভাবনা ৯০ শতাংশ।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ কমতে পারে। কারণ, স্বর্ণ থেকে নিয়মিত সুদ পাওয়া যায় না। অন্যদিকে সুদ বা মুনাফা পাওয়া যায়—এমন সম্পদের আকর্ষণ বাড়লে বিনিয়োগকারীরা সেদিকে ঝুঁকতে পারেন।
এদিকে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) প্রকাশ করা হবে। মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে ফেডের পছন্দের এই সূচকের তথ্য থেকে সুদের হারসংক্রান্ত ভবিষ্যৎ সিদ্ধান্তের বিষয়ে ধারণা পেতে চাইছেন বিনিয়োগকারীরা।
অন্যদিকে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কাজুও উয়েদা বলেছেন, দেশটিতে অন্তর্নিহিত মূল্যস্ফীতি ২ শতাংশ লক্ষ্যমাত্রার বেশ কাছাকাছি রয়েছে। তাঁর এ বক্তব্যে জাপানে আরও সুদের হার বাড়ানোর সুযোগ থাকার ইঙ্গিত পাওয়া গেছে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে মঙ্গলবার স্পট মার্কেটে রুপার দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ দশমিক ১৯৩১ ডলারে দাঁড়িয়েছে। বিপরীতে প্লাটিনামের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৩৯ দশমিক ৪৫ ডলারে নেমেছে। প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ১১০ দশমিক ০৬ ডলারে দাঁড়িয়েছে।