মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ বন্দরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা শাখার দায়িত্বশীল জাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি এবং নিহতের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, একজন তরুণ রাজনৈতিক কর্মীকে এভাবে নির্মমভাবে হত্যা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। বুলবুলের মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী ও নারায়ণগঞ্জবাসী গভীরভাবে মর্মাহত।
তিনি বলেন, একটি মানুষের জীবন কেড়ে নেওয়া শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, এটি সমাজের নিরাপত্তা ও আইনের শাসনের ওপরও আঘাত। তাই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। স্মারকলিপিতে জাহিদুল ইসলাম বুলবুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা ও নেপথ্যে জড়িতদের চিহ্নিত করা এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এ ছাড়া কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে দ্রুত বিচার নিশ্চিত এবং আদালতে অপরাধ প্রমাণিত হলে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি করা হয়েছে। নিহত বুলবুলের পরিবারকে সরকারি ও প্রশাসনিকভাবে আর্থিক সহযোগিতা, তাঁর কন্যাশিশু ও পুত্রসন্তানের শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যৎ জীবনযাপনের জন্য বিশেষ সহায়তা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। ইসলামী আন্দোলনের নেতারা বলেন, তাঁরা প্রতিহিংসা নয়, আইনের মাধ্যমে ন্যায়বিচার চান। বুলবুল হত্যার বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের দাবি থেকে তাঁরা সরে যাবেন না। একই সঙ্গে নিহতের পরিবার ও দুই সন্তানের পাশে রাষ্ট্র ও সমাজকে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।