Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ভান্ডারি পুলে ফিল্মি কায়দায় কুপিয়ে ১৭ হাজার টাকা ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী - দৈনিক স্বাধীন সংবাদ

ভান্ডারি পুলে ফিল্মি কায়দায় কুপিয়ে ১৭ হাজার টাকা ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী নয়াপাড়া ভান্ডারি পুলের নিচে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রনি নামের এক যুবক ভান্ডারি পুলের নিচে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে এসে তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে রনিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তার কাছে থাকা নগদ ১৭ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে দ্রুত জালকুড়ির দিকে পালিয়ে যায়।

হামলায় রনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, নাসিকের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনা বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর গুরুত্বপূর্ণ সড়ক ও নির্জন এলাকায় অপরাধীদের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার করা হলে অপরাধ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি কদমতলী ও ভান্ডারি পুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রত্যাশা ভুক্তভোগী ও এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *