আমিনুল ইসলাম মুকুল:
কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অলিভ অয়েল জব্দ করেছে পুলিশ।
গত ২১ নভেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০টা ১২ মিনিটে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ এম. আর. সাঈদের উপস্থিতিতে থানার পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চলাকালে কুড়িগ্রামগামী একটি ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়ি থেকে দুটি সাদা বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়। উদ্ধার করা অলিভ অয়েলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তপথে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব অলিভ অয়েল দেশে আনা হয়েছিল। পরে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নেওয়ার পরিকল্পনা ছিল।
এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং জব্দ করা মালামালের প্রকৃত মালিকানা নির্ধারণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জব্দ করা মালামাল জিডিমূলে উদ্ধার করে থানায় জমা রাখা হয়েছে।