পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে নতুন সিদ্ধান্ত বিজেপি সরকারের

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন নিয়ে দীর্ঘদিনের বিতর্কে নতুন মোড় এসেছে। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে রাজ্যের নাম ‘বাংলা’ করার উদ্যোগ নেওয়া হলেও সেই প্রস্তাব থেকে সরে আসছে বর্তমান বিজেপি সরকার। বরং বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখার প্রস্তাব বিধানসভায় তোলার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার।

সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হবে। প্রস্তাবটি বিধানসভায় পাস হলে অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে।

পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে আগামী ৪ ডিসেম্বর। অধিবেশন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যেই রাজ্যের নামসংক্রান্ত প্রস্তাবটি উত্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।

দীর্ঘদিন ধরেই প্রশাসনিক সুবিধার যুক্তিতে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন মহল। ভারতের কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন বৈঠকে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে রাজ্যগুলোর প্রতিনিধিদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। ‘ওয়েস্ট বেঙ্গল’ নামের কারণে তালিকার শেষের দিকে অবস্থান করতে হয় পশ্চিমবঙ্গকে। ফলে অনেক সময় রাজ্যের প্রতিনিধিদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। অতীতে নাম পরিবর্তনের উদ্যোগের পেছনে এটিও একটি যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছিল।

১৯৯৯ সালে বামফ্রন্ট সরকারের আমলে প্রথমবার বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব ওঠে। পরে ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার বাংলা ভাষায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বঙ্গাল’ নাম রাখার প্রস্তাব অনুমোদন করে। তবে কেন্দ্রীয় সরকার তিন ভাষায় তিনটি পৃথক নাম রাখার প্রস্তাবে আপত্তি জানায়।

এরপর ২০১৮ সালের ২৬ জুলাই বিধানসভায় সব ভাষায় রাজ্যের নাম ‘বাংলা’ রাখার প্রস্তাব পাস হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমোদন না পাওয়ায় সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

এবার বিজেপি সরকার ক্ষমতায় এসে আগের সরকারের অবস্থান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন প্রস্তাবে রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখার বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন সড়ক ও স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগও নিয়েছে বিজেপি সরকার। কলকাতার পার্ক সার্কাস এলাকার সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জি রোড’ করা হয়েছে। এ ছাড়া লেনিন সরণি, কার্ল মার্কস সরণি, হো চি মিন সরণি ও বিশ্ব বাংলা সরণির নাম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করছে সরকারি কমিটি। তবে এসব প্রস্তাবের সবগুলোর চূড়ান্ত অনুমোদন এখনো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *