মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক:

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দণ্ডিত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়।

পরে মামলাটি বিচারিক আদালতে পাঠানো হলে আদালত তাঁদের মৃত্যুদণ্ডের রায় দেন। পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘনসহ সংশ্লিষ্ট অপরাধ বিবেচনায় এ রায় দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে উচ্চতর কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং রাজকীয় ফরমানের ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মক্কা অঞ্চলে নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষা, বিচারব্যবস্থা নিশ্চিত করা এবং মসজিদের পবিত্রতা ক্ষুণ্নকারী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইসলামি শরিয়াহ আইন প্রয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অপরাধের চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *