আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ক্যাম্প ডেভিডে অবকাশ কাটাতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়ের একদিন আগেই হোয়াইট হাউসে ফিরে এসেছেন। তবে আকস্মিকভাবে অবকাশ সংক্ষিপ্ত করে ফিরে আসার কারণ তার দপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি।
মেরিল্যান্ডের প্রত্যন্ত এলাকায় অবস্থিত ক্যাম্প ডেভিড মার্কিন প্রেসিডেন্টদের অবকাশযাপনের একটি নির্ধারিত স্থান। সেখানে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে যান প্রেসিডেন্টরা।
শনিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলার পর রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি একটি তেল ডিপোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হামলার পর হুথিদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে সৌদি আরব।
এদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সতর্কবার্তায় বলা হয়েছে, যেকোনো সময় ওই অঞ্চলের পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এ কারণে সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় হুথিদের প্রসঙ্গে বলা হয়েছে, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়িত এবং বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় হামলা চালাচ্ছে।
এতে আরও বলা হয়েছে, সামরিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা ও বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।
গত জুলাইয়ে হুথি বিদ্রোহী ও ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। ইয়েমেনের সরকারি বাহিনীর পক্ষে সৌদি আরব বিমান হামলা চালানোর পর হুথিরা সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান আরামকোর একাধিক ডিপোকেও তারা হামলার লক্ষ্যবস্তু করেছে।