ময়মনসিংহে তারাকান্দায় ঘর নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, উভয় পক্ষের থানায় অভিযোগ

নাছিমা খাতুন সুলতানা:

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের সিংহেরকান্দা গ্রামে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে।

জানা যায়, সিংহেরকান্দা গ্রামের মো. কাজল মিয়া তার নিজ নামে সাফ-কবলা দলিলভুক্ত জমিতে একটি ঘর নির্মাণ কাজ শুরু করেন। তবে এই জমি সাবেক ইউপি চেয়ারম্যানের নামে বি.আর.এস রেকর্ড থাকলেও পরে ওই ৪ শতাংশ জমি বিক্রি করা হয়েছে বলে দাবি করা হয়।

ঘটনার পর সাবেক ইউপি চেয়ারম্যানের ভাতিজা পক্ষ এবং চেয়ারম্যানের ছেলে ও উত্তরাধিকারীরা ঘর নির্মাণে বাধা প্রদান করে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নির্মাণ কাজের কারণে গ্রামের চলাচলের রাস্তা সংকুচিত হয়ে পড়ায় পাশের বাড়ির লোকজন বাধা দিলে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় জমির মালিক মো. কাজল মিয়া ও প্রতিপক্ষের এক নারীসহ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে পুরো গ্রামে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা ঘটনাস্থল পরিদর্শনে গেলে স্থানীয়রা ঘটনার সত্যতা স্বীকার করেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মো. কাজল মিয়া গোপনে জমি ক্রয় করেন বলে অভিযোগ থাকলেও সাবেক চেয়ারম্যানের ভাতিজা পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি।

গ্রামবাসীর দাবি, নির্মাণাধীন ভবনের পাশের রাস্তার জন্য নির্ধারিত জায়গা ৬ ফুট না রেখে ৫ ফুট করার প্রস্তাব দেওয়া হলেও তা উপেক্ষা করে নির্মাণ কাজ চলায় উত্তেজনা আরও বাড়ে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তারা আশঙ্কা করছেন, দ্রুত সমাধান না হলে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *