নিজস্ব প্রতিবেদক:
মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। তিনি বলেছেন, মাদক কারবারি ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকাসক্তদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘মাদকমুক্ত সমাজ, আমাদের অঙ্গীকার’—এই প্রত্যয়ে কমিউনিটি পুলিশ ও বাড়বকুণ্ড ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশের উপদেষ্টা জহুরুল আলম জহুর।
পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, মাদকবিরোধী কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা সম্ভব। এ জন্য সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
তিনি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের চলাফেরা, সঙ্গ ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর রাখতে হবে। পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একটি মারাত্মক সামাজিক ব্যাধি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতা, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকবিরোধী আইন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।