অনলাইন ডেস্ক:
রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের একজন রাইড শেয়ারিং সেবা ‘পাঠাও’-এর চালক এবং অপরজন সিয়েরা লিওনের নাগরিক।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে বনানীর আমতলী মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাইড শেয়ারিং ‘পাঠাও’-এর চালক খালেদ সাইফুল্লাহ (৩৮) এবং সিয়েরা লিওনের নাগরিক মাইকেল (৩৬)।
বনানী থানার এসআই তারেক হাসান জানান, নিহত খালেদ সাইফুল্লাহ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মোহাম্মদ রফিক উল্লাহর ছেলে। তিনি মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন।
পুলিশ কর্মকর্তা জানান, মাইকেল কানাডিয়ান ইন্টারন্যাশনালের শিক্ষক ছিলেন। তিনি মিরপুর-২-এর জনতা হাউজিং এলাকায় বসবাস করতেন। তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। শুক্রবার তিনি কর্মস্থল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এবং শনিবার নিজ দেশে ফেরার কথা ছিল।
দুর্ঘটনার বিষয়ে এসআই তারেক হাসান বলেন, শুক্রবার রাতে মাইকেল তেজগাঁও থেকে ‘পাঠাও’ মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। বনানীর আমতলী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়ে যান বলে জানান পুলিশ কর্মকর্তা। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত এবং চালককে গ্রেফতারে চেষ্টা চলছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই তারেক হাসান।