মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ মিসবাহ, তিন দিনেও সন্ধান মেলেনি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের শোলকবহর এলাকার জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে মো. সেকেন্দর হোসেন মিসবাহ (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ হয়নি। নিখোঁজের তিন দিন পেরিয়ে গেলেও বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় মিসবাহর বাবা মো. বশির আহমেদ ২২ সেপ্টেম্বর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, মিসবাহ নিখোঁজ হওয়ার পর স্বজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হয়েছে। তার সন্ধানে মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

জিডির তথ্য অনুযায়ী, মিসবাহর গায়ের রং ফর্সা, চেহারা লম্বাটে এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৯ ইঞ্চি। মাদ্রাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল পায়জামা ও পাঞ্জাবি।

মিসবাহর বাবা মো. বশির আহমেদ বলেন, ‘আমার ছেলে হঠাৎ মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। আত্মীয়স্বজনের কাছেও খোঁজ নিয়েছি। কোথাও তার সন্ধান পাইনি। পরে থানায় জিডি করেছি। এখন পর্যন্ত কোনো খবর না পাওয়ায় আমরা খুবই দুশ্চিন্তায় আছি।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মিসবাহকে উদ্ধার না করা পর্যন্ত তার নিখোঁজের সুনির্দিষ্ট কোনো কারণ বলা যাচ্ছে না। তার সন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *