মানুষ খেলাধুলার মধ্যে থাকলে বিপথে যাওয়ার সুযোগ থাকে না: এমপি নজরুল

মোহাম্মদ হোসেন হ্যাপী:

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব–১৭) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি এ টুর্নামেন্টের আয়োজন করে।

নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি ফতেহ মোঃ রেজা রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাংসদ নজরুল ইসলাম আজাদ। তিনি আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি বিশেষভাবে মনোযোগ দিয়েছেন। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন প্রশংসার দাবিদার।”

তিনি আরও বলেন, “মানুষ যখন খেলাধুলার মধ্যে থাকে, তখন সে বিপথে যাওয়ার সুযোগ কম থাকে। তাই নিয়মিতভাবে এ ধরনের খেলাধুলার আয়োজন করতে হবে। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।”

টুর্নামেন্টকে ঘিরে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরিফ মায়া, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, সাবেক ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মোয়াজ্জেম হোসেন মন্টি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *