মোঃ মশিউর রহমান:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) কর্তৃক স্বীকৃতি অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে ‘BAC অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ২০২৬ বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণগত নিশ্চয়তা সেল (IQAC) কনফারেন্স রুমে IQAC-এর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। তিনি বলেন, “উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমাদের একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। কতদিনের মধ্যে আমরা কোন পর্যায়ে পৌঁছাতে পারব, সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে।”
ভাইস-চ্যান্সেলর বলেন, বর্তমান সরকারের শিক্ষা কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে একটি নির্দিষ্ট মানদণ্ডের শিক্ষাব্যবস্থা চালুর বিষয়েও চিন্তাভাবনা চলছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে এবং এসব সীমাবদ্ধতা দূর করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আয় বৃদ্ধির ওপরও গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, মাভাবিপ্রবিতে রোবটিক্স, ট্রিপল-ই (EEE), আর্কিটেকচার ও ভাষা বিভাগসহ আরও আধুনিক ও সময়োপযোগী বিষয় চালুর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে এসব বিষয় চালুর বিষয়ে ইউজিসি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, কারিকুলাম, মূল্যায়ন পদ্ধতি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় ধারাবাহিক উন্নয়ন প্রয়োজন। BAC-এর অ্যাক্রেডিটেশনের মানদণ্ড পূরণে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি প্রয়োজনীয় একাডেমিক নথিপত্র সঠিকভাবে প্রস্তুত ও সংরক্ষণ করতে হবে। প্রশিক্ষণে IQAC-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির ‘CLO/PLO সংশোধন ও CLO অর্জন নিশ্চিতকরণে মূল্যায়ন কৌশল’ এবং ‘কোর্স আউটলাইন প্রস্তুতি’ বিষয়ে প্রশিক্ষণ দেন।
‘BAC অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলামের প্রয়োজনীয়তা’ বিষয়ে বক্তব্য দেন IQAC-এর অতিরিক্ত পরিচালক ড. শাহ আদিল ইশতিয়াক আহমদ। পরবর্তীতে তিনি ‘কোর্স আউটলাইন প্রস্তুতির হাতে-কলমে প্রশিক্ষণ’ পরিচালনা করেন। এছাড়া IQAC-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ খায়রুল ইসলাম ‘কোর্স ফাইল প্রস্তুত ও সংরক্ষণ’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এতে অ্যাক্রেডিটেশনের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো ও সহায়তা, কোর্স আউটলাইন প্রস্তুতি, কোর্স ফাইল সংরক্ষণ, CLO/PLO সংশোধন, মূল্যায়ন কৌশল এবং গুণগত নিশ্চয়তা (QA) কার্যক্রমসহ BAC অ্যাক্রেডিটেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। দুপুরে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর কোর্স আউটলাইন প্রস্তুতের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষণের শেষে প্রশ্নোত্তর ও গুণগত নিশ্চয়তা (QA) সেশন এবং সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।