ফাতেমা খুরশিদ সোমায়া:
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান সারোয়ারের মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের সদস্যরা। সোমবার (২৪ নভেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে তাঁরা সারোয়ারের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক দাবি করে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মানববন্ধনে মিজানুর রহমান সারোয়ারের মা জাহানারা, বোন তানিয়া, মো. রানা ও মো. সোহাগসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে পরিবারের সদস্যরা জানান, মিজানুর রহমান সারোয়ার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হোসেনপুর উপজেলার ৬ নম্বর পুমদী ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন তিনি।
পরিবারের দাবি, বিগত সরকারের সময়ে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে সারোয়ারের বিরুদ্ধে ৬৮টি রাজনৈতিক মামলা করা হয়েছিল। এ সময় তিনি ৪৬ দিন গুম ও নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ করেন তাঁরা।
পরিবারের সদস্যদের অভিযোগ, বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রায় এক মাসের মাথায় একটি মহলের ষড়যন্ত্রে তাঁকে নতুন করে মামলায় জড়ানো হয়। এরপর দীর্ঘ ৭ মাস ১৫ দিন তাঁকে কারাগারে থাকতে হয়েছে। এ সময়ে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে বিষয়টি জানানো হলেও তাঁরা কার্যকর কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন পরিবারের সদস্যরা।
পরে পরিবারের উদ্যোগে আদালত থেকে সারোয়ারের জামিনের ব্যবস্থা করা হয়। তবে জামিন পাওয়ার পরপরই উত্তরা পূর্ব থানা-পুলিশ তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় বলে অভিযোগ পরিবারের। তাঁদের দাবি, তাঁকে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
মানববন্ধনে পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘদিন ধরে মামলা ও কারাবন্দী অবস্থার কারণে সারোয়ার ও তাঁর পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। তাঁরা এ পরিস্থিতির অবসান চান।
তাঁদের দাবি, মিজানুর রহমান সারোয়ারের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।