Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মিরপুরে ইন্টারনেট ব্যবসা দখলের চেষ্টার অভিযোগ, চাঁদা দাবির কথা জানালেন ব্যবসায়ী - দৈনিক স্বাধীন সংবাদ

মিরপুরে ইন্টারনেট ব্যবসা দখলের চেষ্টার অভিযোগ, চাঁদা দাবির কথা জানালেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে ইন্টারনেট ব্যবসা দখলে নেওয়ার চেষ্টা এবং কয়েক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন মো. নওশাদ নামে এক ব্যবসায়ী। এ ঘটনায় ‘আশিক বাহিনী’ নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ক্র্যাব) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নওশাদ।

সংবাদ সম্মেলনে নওশাদ বলেন, তিনি কয়েক বছর ধরে ‘মপটা ফোর’ নামে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছেন। এ ব্যবসার আয় দিয়েই তার পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহ হয়। তবে গত এক বছর ধরে তার ব্যবসা দখলে নেওয়ার জন্য মিরপুরের একটি সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে বলে দাবি করেন তিনি।

নওশাদের অভিযোগ, সম্প্রতি ‘আশিক বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত আশিক তাকে ফোন করে ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য চাপ দেন। ব্যবসা চালু রাখতে হলে তাকে ১০ লাখ টাকা চাঁদা এবং পরবর্তী সময়ে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দেওয়ার দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ব্যবসা দখলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলেও তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

নওশাদ বলেন, সর্বশেষ তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ব্যক্তিকে দিয়ে থানায় অভিযোগ করানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ পরিস্থিতিতে নিজের ব্যবসা ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নওশাদ বলেন, সন্ত্রাসীদের হাত থেকে তাকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তিনি সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *