মিলারের ক্যারিয়ারসেরা ১৪২, দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৬৫

ক্রীড়া ডেস্ক:

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা ও ডেভিড মিলারের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে প্রোটিয়ারা।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতেই সাফল্য পায় তারা। ইনিংসের প্রথম বলেই আইডেন মারক্রামকে খাতা খোলার আগেই সাজঘরে ফেরান জশ হ্যাজলউড। কুপার কনলির দুর্দান্ত ক্যাচে পরিণত হন মারক্রাম। এরপর কুইন্টন ডি কক ১৫ রান করে দ্রুত ফিরলে মাত্র ৩৬ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

তবে সেই প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠেন টেম্বা বাভুমা ও ডেভিড মিলার। তৃতীয় উইকেটে ম্যাথিউ ব্রিটজকের ৩৪ রানের সঙ্গে বাভুমা দলের ইনিংস সামাল দেন। এরপর মিলারকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ১৫৬ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন অধিনায়ক।

বাভুমা ১১৬ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ১০৩ রান করে আউট হন।

এরপর ব্যাট হাতে ঝড় তোলেন ডেভিড মিলার। অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ৯৩ বলে ১৪২ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৯টি ছক্কা।

এই ইনিংসের পথে ওয়ানডেতে ১৫০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন মিলার। এর মাধ্যমে তিনি প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এটি ছিল ওয়ানডেতে মিলারের ক্যারিয়ারসেরা ইনিংস এবং অষ্টম সেঞ্চুরি।

ম্যাচের শেষ দিকে মার্কো ইয়ানসেন ১৯ ও দুয়ান ইয়ানসেন ১৮ বলে অপরাজিত ২৭ রানের কার্যকর ইনিংস খেলেন। তাদের ব্যাটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৬৫ রানে পৌঁছে।

অস্ট্রেলিয়ার হয়ে পেসার জ্যাক এডওয়ার্ডস ১০ ওভারে ৬৭ রান দিয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন। জশ হ্যাজলউড ৭০ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *