মোহাম্মদ হোসেন হ্যাপী:
মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের লক্ষ্যে আজ সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি ভেকু (এক্সকাভেটর) দিয়ে লঞ্চঘাটের আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন, আনসার বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার বলেন, লঞ্চঘাট এলাকায় একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছিল। আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। সরকারি জায়গা দখলমুক্ত না হওয়া পর্যন্ত এবং নতুন স্থাপনা নির্মাণের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে লঞ্চঘাট ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, নদীবন্দর ও লঞ্চঘাটের আধুনিকায়নে জায়গাটি গুরুত্বপূর্ণ। উদ্ধার করা জায়গায় দ্রুত নির্ধারিত স্থাপনার নির্মাণকাজ শুরু করা হবে।