মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্রও ইরান যুদ্ধে ছুড়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে যুদ্ধে মেয়াদোত্তীর্ণ হিসেবে চিহ্নিত কয়েকটি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ব্যবহারের অযোগ্য হিসেবে শ্রেণিবদ্ধ এসব ক্ষেপণাস্ত্র নতুন করে কোড নির্ধারণ ও প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারের উপযোগী করে তোলে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও দেশটির কংগ্রেসের এক শুনানিতে এ তথ্য জানিয়েছেন।

গত ১৭ নভেম্বর মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে উপস্থিত হয়ে হাং কাও জানান, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে মেয়াদোত্তীর্ণ হিসেবে চিহ্নিত বেশ কয়েকটি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের পুরোনো কোড বাতিল করে নতুন কোড নির্ধারণের মাধ্যমে সেগুলো ব্যবহারের উপযোগী করা হয়।

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে হাং কাও মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র পুনরায় ব্যবহারের প্রক্রিয়াকে বাসি রুটি খাওয়ার উপযোগী করে তোলার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, অপারেশন এপিক ফিউরিতে ব্যবহৃত অনেক গোলাবারুদ পুনরায় কোড নির্ধারণের মাধ্যমে ব্যবহারের উপযোগী করা হয়েছিল। সেগুলোর কোড ছিল ‘কোড ইকো’ ও ‘কোড ফক্সট্রট’। তাঁর ভাষ্য অনুযায়ী, দরিদ্র পরিবারে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকে তিনি জানেন, রুটি সামান্য পানি ছিটিয়ে ১৫ সেকেন্ড মাইক্রোওয়েভে গরম করলেই আবার খাওয়ার উপযোগী হতে পারে।

মার্কিন প্রতিরক্ষা লজিস্টিকস এজেন্সির তথ্য অনুযায়ী, ‘কোড ইকো’ ও ‘কোড ফক্সট্রট’ এমন সামরিক সরঞ্জামের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেগুলো ব্যবহারের অযোগ্য হিসেবে চিহ্নিত হলেও মেরামতের মাধ্যমে পুনরায় কাজে লাগানো সম্ভব। ‘কোড ইকো’ বলতে সামান্য কাজের মাধ্যমে ব্যবহারের উপযোগী করা যায়—এমন সরঞ্জাম বোঝায়। অন্যদিকে ‘কোড ফক্সট্রট’ শ্রেণির সরঞ্জাম পুনরায় ব্যবহারের উপযোগী করতে বড় ধরনের মেরামত বা সংস্কারের প্রয়োজন হয়।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের প্রথম মাসেই অন্তত ৮৫০টি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রাক্কলন অনুযায়ী, ওই সময়ে যুক্তরাষ্ট্রের মজুত ছিল প্রায় ৩ হাজার টমাহক ক্ষেপণাস্ত্র।

টমাহক দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। অনেক দূর থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এটি ব্যবহার করা হয়। ক্ষেপণাস্ত্রটি তৈরি করতে বিপুল অর্থ ও সময় প্রয়োজন হয়। ফলে যুদ্ধের সময় ব্যাপক ব্যবহারের পর দ্রুত মজুত পূরণ করা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

এ পরিস্থিতিতে গত এপ্রিলে ২০২৭ সালের বাজেট প্রস্তাবের অংশ হিসেবে টমাহক ক্ষেপণাস্ত্রের মজুত পুনরায় পূরণ করতে কংগ্রেসের কাছে প্রায় ৩ বিলিয়ন ডলার বরাদ্দ চায় মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

এরপর গত আগস্টে টমাহক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে মার্কিন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেথিয়নের সঙ্গে ২২ দশমিক ৯ বিলিয়ন ডলারের সাত বছর মেয়াদি চুক্তি করে মার্কিন সামরিক বাহিনী। চুক্তি অনুযায়ী, রেথিয়নকে প্রতি বছর অন্তত ৬০টি টমাহক ক্ষেপণাস্ত্র তৈরি করে সরবরাহ করতে হবে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল ও এনডিটিভি অনলাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *