স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনা ফুটবল ও লিওনেল মেসির নাম যেন একই গল্পের দুই অধ্যায়। বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার সবচেয়ে বড় সাফল্যগুলোর সঙ্গে জড়িয়ে থাকা এই তারকা এবার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের দ্বারপ্রান্তে। তাঁর বিদায়ের মধ্য দিয়ে আলবিসেলেস্তে শিবিরে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়।
মঙ্গলবার বুয়েনস আয়ার্সের মনুমেন্তালে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচেই জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে দেখা যাবে ৩৯ বছর বয়সী মেসিকে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে তিনি অধিনায়কের আর্মব্যান্ডও নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার পথে রয়েছেন।
মেসির বিদায়ী ম্যাচ ঘিরে মনুমেন্তালে প্রায় ৮৫ হাজার দর্শকের উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের বেশ কয়েকজন সদস্যের পাশাপাশি আর্জেন্টিনার নতুন প্রজন্মের ফুটবলাররাও থাকবেন এই বিশেষ মুহূর্তের সাক্ষী।
আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক অর্জনের তালিকাও দীর্ঘ। একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ের পাশাপাশি তিনি জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন। ২০৭ ম্যাচে তাঁর গোল ১২৫টি, সঙ্গে রয়েছে রেকর্ড ৬৮টি অ্যাসিস্ট।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে নিউ জার্সিতে হারের পরও মেসির আবেগ স্পষ্ট হয়ে উঠেছিল। সেই ম্যাচের প্রায় আড়াই মাস পর আগস্টের শেষ দিনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তখন মেসি বলেছিলেন, তিনি নিজের সবটুকু দিয়েছেন এবং তাঁর আর কিছু দেওয়ার বাকি নেই। একই সঙ্গে নতুন প্রজন্মের কয়েকজন খেলোয়াড় সুযোগ পাওয়ার যোগ্য বলেও উল্লেখ করেন তিনি।
মেসির বিদায়ের সঙ্গে আর্জেন্টিনা দলে আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের অধ্যায়ও শেষ হওয়ার পথে। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া অ্যাঞ্জেল দি মারিয়া মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ২০২২ বিশ্বকাপজয়ী দলের এই গুরুত্বপূর্ণ সদস্য নতুন প্রজন্মের হাতে নেতৃত্বের পালাবদরের মুহূর্তটি সামনে থেকে দেখবেন।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও মনে করছেন, দিনটি দলের সবার জন্য বিশেষ হয়ে থাকবে। নতুন প্রজন্মের কয়েকজন খেলোয়াড় মেসির জাতীয় দলে অভিষেকের সময় পৃথিবীতেই ছিলেন না। তাদের সামনে এবার সেই কিংবদন্তির বিদায়ী ম্যাচে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
মেসিকে ছাড়াও আর্জেন্টিনা ইতোমধ্যে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে শুরু করেছে। বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর শনিবার মনুমেন্তালে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ওই ম্যাচে ফ্রাঙ্কো মাস্তানতুওনো ও জিয়ানলুকা প্রেস্তিয়ানি জাতীয় দলের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন।
নতুন প্রজন্মের মধ্যে ফ্রাঙ্কো মাস্তানতুওনো, লিওনেল ফ্লোরেসসহ আরও কয়েকজন খেলোয়াড়কে ঘিরে আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে মেসির মতো একজন খেলোয়াড়ের জায়গা পূরণ করা সহজ হবে না—এ বিষয়টি স্বীকার করেছেন স্কালোনিও।
মেসির পর নেতৃত্বের ভার কার হাতে যাবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ক্রিস্তিয়ান রোমেরো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজদের নতুন নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
বিশেষ করে রক্ষণভাগের খেলোয়াড় ক্রিস্তিয়ান রোমেরো মেসির পর আর্মব্যান্ড পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা নামগুলোর একটি। তাঁর পরে এমিলিয়ানো মার্তিনেজ ও লাউতারো মার্তিনেজের নামও আলোচনায় রয়েছে।
তবে মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হতে যাচ্ছে তাঁর বিখ্যাত ১০ নম্বর জার্সি নিয়ে। এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না কোচ স্কালোনি। তিনি জানিয়েছেন, মেসির শেষ ম্যাচ পর্যন্ত ১০ নম্বর জার্সি অন্য কাউকে দেওয়া হবে না। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মেসির বিদায়ের সঙ্গে আর্জেন্টিনা ফুটবলের একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। একই সঙ্গে নতুন খেলোয়াড়দের সামনে জাতীয় দলের নেতৃত্ব ও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্বও তৈরি হচ্ছে।