যমুনায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর শাহরিয়ার নুর হোসেন জিসান (২৩) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

নিহত জিসান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজী রফিক সড়কের বাসিন্দা আলী আকবরের ছেলে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের ট্যুরিস্ট হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ শহরের বন্ধু জাহিদ হাসান আঁচলসহ আরও চার বন্ধু এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় বেড়াতে যান। পরে আঁচল ছাড়া বাকি চারজন যমুনা নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে জিসান নদীর পানিতে তলিয়ে যান। এ সময় তাঁর বন্ধুরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

খবর পেয়ে রোববার সন্ধ্যায় রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, সোমবার সকালে ডুবুরিরা আবারও উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় ঘটনাস্থলের পাশেই জিসানের মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *