যশোর প্রতিনিধি:
যশোর শহরে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরী (৬০)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকায় তাঁর বাড়ির সামনে একটি মোটরসাইকেল গ্যারেজের কাছে এ ঘটনা ঘটে।
আহত সমু চৌধুরী ওই এলাকার আবুল কাশেম চৌধুরীর ছেলে। ঘটনার পর পরিবারের সদস্যরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানিয়েছেন, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, সমু চৌধুরীর বাড়ির সামনে অবস্থিত একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর (৩৬) ও হৃদয় (৩২) নামে দুই ব্যক্তি তাঁকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তাঁর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।
অভিযুক্ত জাহাঙ্গীর যশোর শহরের আরএন রোড এলাকার এবং হৃদয় সিটি কলেজপাড়া এলাকার বাসিন্দা। তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে অভিযোগের সত্যতা ও দায় তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।