যাত্রাবাড়ীতে সড়ক পারাপারে প্রাণ গেল অজ্ঞাত নারীর

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন জানান, ভোর আনুমানিক ৫টার দিকে খবর পেয়ে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আউটগোয়িং লেনে একটি তৈরি পোশাক কারখানার বিপরীত পাশের সড়ক থেকে ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়দের বরাতে এসআই আওলাদ হোসেন জানান, রাতের কোনো এক সময় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি ওই নারীকে চাপা দিয়ে চলে যায়। এতে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনায় জড়িত গাড়িটি চিহ্নিত করতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *