নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী আড়তের ভেতরে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের ব্যবহারের জন্য নির্ধারিত সিটি কর্পোরেশনের ময়লা-আবর্জনা ফেলার ডাস্টবিন ভেঙে সেখানে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, রাতের আঁধারে ডাস্টবিনের নির্ধারিত স্থান দখল করে মার্কেট নির্মাণের কাজ করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী আড়তের ভেতরে নির্দিষ্ট স্থানটি ময়লা-আবর্জনা ফেলার জন্য ব্যবহৃত হয়ে আসছিল। আড়তের ব্যবসায়ী, শ্রমিক ও আশপাশের বাসিন্দারা প্রতিদিনের বর্জ্য সেখানে ফেলতেন। কিন্তু সেই নির্ধারিত ডাস্টবিন ভেঙে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়ায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নতুন করে সমস্যা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, সিটি কর্পোরেশনের নির্ধারিত ডাস্টবিন ভেঙে সেখানে স্থাপনা নির্মাণের অনুমতি দিয়েছে কারা? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এ ধরনের নির্মাণকাজ করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
স্থানীয়দের প্রশ্ন, সরকারি বা জনসাধারণের ব্যবহারের জন্য নির্ধারিত জায়গায় মার্কেট নির্মাণের সিদ্ধান্ত কীভাবে নেওয়া হলো? এ কাজে কারা জড়িত এবং এর পেছনে কোনো প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এদিকে, নির্ধারিত ডাস্টবিনের জায়গা বন্ধ হয়ে গেলে যাত্রাবাড়ী আড়তের বিপুল পরিমাণ দৈনন্দিন বর্জ্য কোথায় ফেলা হবে, তা নিয়েও উদ্বেগ রয়েছে। এতে আড়তের ভেতরে ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগসহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। তাঁদের দাবি, অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করে ডাস্টবিন ভাঙা এবং মার্কেট নির্মাণের বৈধতা যাচাই করতে হবে। নির্মাণকাজের অনুমোদন, জমির মালিকানা ও সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করে প্রকৃত ঘটনা জনসম্মুখে প্রকাশ করতে হবে।
একই সঙ্গে সরকারি বা জনসাধারণের ব্যবহারের জায়গা অবৈধভাবে দখলের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পূর্বের বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছেন তাঁরা।
এখন জনমনে একটাই প্রশ্ন—জনগণের ব্যবহারের জন্য নির্ধারিত ডাস্টবিন ভেঙে সেখানে মার্কেট নির্মাণের অনুমতি দিল কারা? সরকারি সম্পত্তি বা জনস্বার্থসংশ্লিষ্ট স্থান ব্যবহারের ক্ষেত্রে নিয়মনীতি মানা হয়েছে কি না, তা কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে?
যাত্রাবাড়ী আড়তের এই ঘটনায় প্রশাসন ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা।