Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ১৫ - দৈনিক স্বাধীন সংবাদ

যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ১৫

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য অ্যারিজোনার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন এলাকায় আকস্মিক বন্যা বা হড়পা বানে কমপক্ষে ১৫ জন নিখোঁজ হয়েছেন। শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে এ বন্যার সৃষ্টি হয়।

গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস) জানিয়েছে, অতিবৃষ্টির কারণে কলোরাডো নদীর পানি দ্রুত বাড়তে থাকে। একপর্যায়ে শনিবার সন্ধ্যার দিকে নদীর পানি দুই কূল ছাপিয়ে প্রবল স্রোতে জাতীয় উদ্যানের বিভিন্ন এলাকায় প্রবেশ করে।

হড়পা বানের তীব্র স্রোতে কলোরাডো নদী ও নদীসংলগ্ন খালগুলোর ওপর নির্মিত কয়েকটি সেতু ভেসে গেছে। এতে গ্র্যান্ড ক্যানিয়নের বিস্তীর্ণ এলাকার ভূদৃশ্যেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

এনপিএস কর্মকর্তারা জানিয়েছেন, বন্যা শুরু হওয়ার পর এ পর্যন্ত ৬২ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কেউ আহত হননি। তবে তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, এখনো অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে ন্যাশনাল পার্ক সার্ভিস। এ কাজে অ্যারিজোনা অঙ্গরাজ্যের জননিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন উদ্ধারকারীরা।

এক বিবৃতিতে এনপিএস সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সহায়ক হতে পারে—এমন কোনো তথ্য কারও কাছে থাকলে তা দ্রুত ন্যাশনাল পার্ক সার্ভিসকে জানাতে।

কয়েক কোটি বছর ধরে কলোরাডো নদীর প্রবাহ ও ক্ষয়কার্যের ফলে গড়ে উঠেছে গ্র্যান্ড ক্যানিয়ন। এর দৈর্ঘ্য প্রায় ৪৪৬ কিলোমিটার, প্রস্থ প্রায় ২৯ কিলোমিটার এবং গড় গভীরতা প্রায় ১ দশমিক ৮ কিলোমিটার।

অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, পাথরের বর্ণিল স্তর ও বৈচিত্র্যময় ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে গ্র্যান্ড ক্যানিয়ন বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক এই প্রাকৃতিক বিস্ময় দেখতে সেখানে ভিড় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *