তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
সম্মেলনে যোগ দিতে আগামীকাল বুধবার (৭ অক্টোবর) সকালে ঢাকা ত্যাগ করবেন তিনি।
‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইস্তাম্বুল ইউনিভার্সিটি ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে সম্মেলনটির আয়োজন করছে।
সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার কার্যক্রম, সম্ভাবনা ও চ্যালেঞ্জের পাশাপাশি তুরস্ক ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তুরস্ক সফর শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরব যাবেন। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন।
সফর শেষে আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।