রাখাইনে বাজারে বিমান হামলা, নিহত ৪৯

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি বাজারে বিমান হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। সোমবার (২৮ সেপ্টেম্বর) মিয়ানমারের বিমানবাহিনীর চালানো এ হামলার কথা জানিয়েছে আরাকান আর্মি।

সোমবার দেওয়া এক বিবৃতিতে আরাকান আর্মি জানায়, তাদের নিয়ন্ত্রণাধীন কিয়াউকতাও শহরের একটি পাইকারি বাজারে যুদ্ধবিমান থেকে দুটি বোমা ফেলা হয়। এতে ৪৯ জন নিহত এবং ৫৮ জন আহত হন। আহতদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গোষ্ঠীটির দাবি, হতাহতদের সবাই বেসামরিক নাগরিক। তাঁদের মধ্যে বাজারের অস্থায়ী ও স্থায়ী দোকানির পাশাপাশি সাধারণ পথচারীও রয়েছেন।

রাখাইনের বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধারকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াই হুন অংও হতাহতদের এ সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, কিয়াউকতাওয়ের বাজারটি একটি ব্যস্ত পাইকারি বাজার। সেখানে রাখাইনের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা কেনাকাটা করতে আসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে বাজার ও আশপাশের কয়েকটি ভবন এবং যানবাহনে আগুন জ্বলতে দেখা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। হামলায় বাজারসংলগ্ন একটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

রাখাইনভিত্তিক আরাকান আর্মি মিয়ানমারের একটি বড় সেনাবিরোধী সশস্ত্র গোষ্ঠী। দীর্ঘদিন ধরে রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে তারা লড়াই করছে।

২০২১ সালে সামরিক বাহিনী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর মিয়ানমারে সংঘাত আরও বিস্তৃত হয়। ২০২৩ সালে রাখাইনে সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির বড় ধরনের সংঘর্ষ শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৪টি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। কিয়াউকতাও সেগুলোর একটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *